এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ, জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ, জামায়াতের নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হামিদুর রহমান বলেন, দেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ নাগরিক যেন সন্ত্রাসী হামলার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

একইসঙ্গে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান জামায়াত ইসলামীর এই নেতা।

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অটোরিকশাযোগে মুখে মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত এসে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।

/এসবি/