শিরোনাম

নষ্ট রাজনীতিতে থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল সংবাদদাতা
নষ্ট রাজনীতিতে থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

নষ্ট রাজনীতিতে আমরা আর থাকতে চাই না বলে মন্তব্য করেছেন বরিশাল-৩ আসনে জামায়াত সমর্থিত জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা পরিবর্তনের রাজনীতি চাই বলেও জানান তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগল প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে। এতে জনগণের সরকার গঠিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থান ঘটবে।

তিনি বলেন, দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসনটি অবহেলিত। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জসহ এই জনপদের মানুষ বৈষম্যের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, পুরোনো ধারার রাজনীতি চলতে দেওয়া যায় না। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবি পার্টির প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি। আরও উপস্থিত ছিলেন, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্যসচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

/জেএইচ/