পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের ৪ রাফাল নিখোঁজ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের ৪ রাফাল নিখোঁজ
ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমান

গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে ৫ দিনের সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টি থেকে কমে ৩২টিতে দাঁড়িয়েছে। ব্রিটিশ সামরিক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর বার্ষিক ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস’ তালিকায় এ তথ্য উঠে এসেছে। এরপর যুদ্ধক্ষেত্রে ভারতীয় বিমান ভূপাতিত করার পুরোনো দাবি নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। সংঘাতে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা মানলেও পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করার দাবি নাকচ করে দিয়েছে ভারত।

ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে ২০২৫ সালের মে মাসে এ সংঘাতের সূত্রপাত হয়। নয়াদিল্লি ও হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ তুললেও ইসলামাবাদ তা অস্বীকার করে এবং ভারতের বিবরণকে অসত্য ও বানোয়াট বলে দাবি করে। এরপর দুই দেশ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন দিয়ে পাল্টাপাল্টি হামলা চালায়। বিমানঘাঁটিতে হামলার পাশাপাশি এতে অনেকের মৃত্যু হয়। পরে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় দুই দেশ।

সংঘাতের পরপরই পাকিস্তান দাবি করে তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রাফালও রয়েছে। ওই সময় সিএনএনকে দেওয়া বক্তব্যে ফ্রান্সের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জানান, পাকিস্তানের হামলায় ভারতের অন্তত একটি রাফাল ধ্বংস হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে আধুনিক এ ফরাসি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রথম ঘটনা। তিনি আরও জানান, একাধিক রাফাল ধ্বংস হয়েছে কি না, তা খতিয়ে দেখছিল ফরাসি কর্তৃপক্ষ। পরে চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, সংঘাতে তারা চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯, একটি মিরাজ-২০০০ এবং একটি ড্রোন ধ্বংস করেছে।

বিভিন্ন সময়ে এ নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শুরুতে ৫টি বিমান ভূপাতিত হওয়ার কথা বললেও ২০২৫ সালের অক্টোবরে ৭টি, নভেম্বরে ৮টি এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার হিসাব দেন তিনি। তবে সংঘাতে ঠিক কয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তা নিয়ে এখনো দুই দেশের অবস্থানে স্পষ্ট অমিল রয়ে গেছে।

২০১৬ সালে প্রায় ৮৮০ কোটি ডলারের চুক্তিতে ফরাসি প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল কেনার সিদ্ধান্ত নেয় ভারত, এবং সম্প্রতি আরও ১১৪টি রাফাল কেনার উদ্যোগ নিয়েছে। দুই ইঞ্জিনের বহুমুখী এ যুদ্ধবিমান গভীর আঘাত, পারমাণবিক প্রতিরোধ, নজরদারি ও জাহাজবিধ্বংসী অভিযানে সক্ষম এবং আগে আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়ায় ব্যবহৃত হয়েছে। ফ্লাইট ইন্টারন্যাশনালের নতুন তালিকা সেই পুরোনো ক্ষয়ক্ষতির হিসাবকেই আবার সামনে নিয়ে এল।

সূত্র: ডন

/এমএকে/