শিরোনাম

ভোট দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
ভোট দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
রাজধানীর বাড্ডায় একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে রাজধানীর বাড্ডায় একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোট প্রদানের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সিটিজেন জার্নাল
ভোট প্রদানের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সিটিজেন জার্নাল

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আজ ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন রাজনৈতিক দলের মনোনীত এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। মোট প্রার্থীর মধ্যে পুরুষ ১ হাজার ৯৪৬ জন (রাজনৈতিক দল ১ হাজার ৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ৮৩ জন (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।

এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে স্থাপিত ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রকে সাধারণ ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। সাধারণ কেন্দ্র রয়েছে ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ২১ হাজার ৫০৬টি।

/জেএইচ/