শিরোনাম

দীর্ঘ চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস
মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৯টার দিকে মির্জা আব্বাসের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মালয়েশিয়া থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে তার দেশে ফেরার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

এর আগে, গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ নেওয়া হয় সিঙ্গাপুরে। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

মির্জা আব্বাসের পরিবার ও দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে হবে। এ জন্য প্রতিদিন ফিজিওথেরাপির ব্যবস্থাও করা হয়েছে।

প্রসঙ্গত, মির্জা আব্বাস বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

/এফআর/