শিরোনাম

তারেক রহমানকে ‘ধানের শীষে’ ভোট দেওয়ার কথা বললেন নানিবাড়ি এলাকার মানুষ

দিনাজপুর সংবাদদাতা
তারেক রহমানকে ‘ধানের শীষে’ ভোট দেওয়ার কথা বললেন  নানিবাড়ি এলাকার মানুষ
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে শেষ নির্বাচনি জনসভা করলেন উত্তরের জেলা দিনাজপুরে, যেখানে তার নানা-নানির কবর রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় তারেক রহমান বলেন, আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে খুব ভালো আছি, বহু বছর পর নানিবাড়িতে আসছি। তিনি বলেন, এখন নাতি যে আসলো, কিছুই খাওয়াইলেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইলো? তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে। নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না? কী দিবেন নানিবাড়ির লোক?

উপস্থিত সমর্থকরা ভোট দেওয়ার কথা বললে তারেক রহমান প্রশ্ন করেন, কিসে ভোট দিবেন?

সবাই তখন বলেন, ধানের শীষে।

বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে। ইস্কান্দার পরে জলপাইগুড়িতে বোনের বাসায় থেকে পড়ালেখা করেন। সেখানে চা ব্যবসায় জড়ান ইস্কান্দার; বিয়েও করেন তিস্তা পাড়ের শহরটিতে। অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। দেশভাগের পর পরিবারটি দিনাজপুর শহরে চলে আসে।

তারেক রহমান বলেন, এই দিনাজপুর অঞ্চলকে সারা বাংলাদেশ জানে কৃষিপ্রধান এলাকা হিসেবে। এই এলাকায় আমরা কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কৃষির সঙ্গে এই এলাকার লিচু বিখ্যাত। এই লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারব।

বিএনপি চেয়ারম্যান বলেন, এই এলাকার কাটারিভোগ চাল জগৎ বিখ্যাত। এই চালকে আমরা পৃথিবীর আনাচে-কানাচে রপ্তানির মাধ্যমে পৌঁছে দিতে চাই।

তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “এই এলাকায় শুধু রপ্তানিমুখী বা শিল্প স্থাপন করলেই হবে না; আমাদের এলাকায় এই এলাকায় বহু তরুণ আছে, যুবক আছে, যুব সমাজের সদস্য আছে। তাদের শিক্ষার আলো আছে- কিন্তু তাদের কর্মসংস্থান নেই। আমরা চাই, এই এলাকায় বিভিন্ন রকম ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে, যার মাধ্যমে এই এলাকার ছেলেমেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই।

তারেক রহমান জনসভায় উপস্থিত দিনাজপুরের চারটি নির্বাচনি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তাদেরসহ ধানের শীষের অন্য প্রার্থীদের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

/এফসি/