ছাত্রলীগের সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা
সিদ্দিকী নাজমুল আলম

সম্পদ বিবরণীতে অসংগতিপূর্ণ তথ্য দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ফার্মাস ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পরিচালক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ অক্টোবর) দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে গতকাল রবিবার এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. খায়রুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়, অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

নাজমুল আলম ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের নেতৃত্বে থাকার সময় তার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। তিনি ফার্মার্স ব্যাংকের পরিচালকও ছিলেন। ব্যাংকটি পরে পদ্মা ব্যাংক নামে কার্যক্রম শুরু করে।

গত ৫ অক্টোবর নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত। ওই আবেদনে বলা হয়, নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিদেশে অর্থপাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও অনুসন্ধানে নেমেছিল দুদক।

/এফআর/