দেশের বাইরে ছাত্রলীগের নাজমুল, দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশের বাইরে ছাত্রলীগের নাজমুল, দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক
সিদ্দিকী নাজমুল আলম

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে জানা গেছে, জুলাই ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

দুদকের নথিতে সিদ্দিকী নাজমুল আলমকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। অবৈধ উপায়ে অর্থ উপার্জন, ব্যাংক হিসাবের মাধ্যমে সেই অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। পরে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচালিত ব্যাংক হিসাবে ওই অর্থ স্থানান্তর করে বৈধতা দেওয়ার চেষ্টা করেন তিনি। এ ছাড়া বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং-১ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী।

নথিতে বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করার জন্য দুদকের পরিচালক (মানিলন্ডারিং) বরাবর আবেদন করা হয়। পরে ওই আবেদন বিজ্ঞ আদালতে দাখিলের জন্য কমিশনের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন ছাত্রলীগের সাবেক এই নেতা। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

/এফসি/