ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন– এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার মতে, মাদক বন্ধের উদ্দেশ্য নিয়ে কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত বিপাকে পড়েছেন প্রতিমন্ত্রী ইশরাক।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।’

তিনি আরও বলেন, ‘সমস্যাটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্বেগের কথাও তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার মতে, তাদের ক্ষোভ ও কষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, ‘সবকিছু করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে হিন্দু সম্প্রদায়ের কেউ কষ্ট না পান বা আহত বোধ না করেন।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে কথা বলার কারণে তাকে যেন শাহবাগী বা হিন্দুদের নতুন সংস্করণ বলে আখ্যা দেওয়া না হয়। ভুল বোঝাবুঝি দূর করতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে তাদের উদ্বেগ ও অভিযোগ শুনতে হবে। তারাও আলোচনায় বসতে আগ্রহী। এভাবে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।’

সরকারের সমালোচনো করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি সরকার সবাইকে নিরাপত্তা দেওয়ার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসের তথ্যেও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে।’

/এফআর/