দল চাইলে মেয়র পদে নির্বাচন করবো: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দল চাইলে মেয়র পদে নির্বাচন করবো: ইশরাক হোসেন
সংবাদ সম্মেলনে কথা বলছেন ইশরাক হোসেন

বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকার মেয়র পদে ভবিষ্যতে নির্বাচন করার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিএনপি ও দলের প্রধান তারেক রহমানের।’

২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘নগরীর বিভিন্ন সমস্যা এবং সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের ঘাটতি নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। তাই দল চাইলে মেয়র পদে নির্বাচন করার জন্য শতভাগ প্রস্তুত রয়েছি।’

ইশরাক হোসেন আরও বলেন, ‘দল অন্য কাউকেও মনোনয়ন দিলে, সেক্ষেত্রে তাকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।’

এর আগে, গত শনিবার রাজধানীর গেণ্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।

এরপর গতকাল রবিবার সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে আজ পদত্যাগ করেন ইশরাক হোসেন।

পদত্যাগের ঘোষণার জন্য জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইশরাক হোসেন।

/এফআর/