সারা দেশে কিশোর গ্যাং প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সারা দেশে কিশোর গ্যাং প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিশোর গ্যাংয়ের বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ে কিশোর অপরাধীদের শনাক্ত করা, গ্যাংকেন্দ্রিক অপরাধ প্রতিরোধ এবং অপরাধের ঘটনায় দ্রুত আইনি ও সামাজিক পদক্ষেপ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

সাম্প্র দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মারামারি, আধিপত্য বিস্তার ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও জোরদার করা হয়েছে।

নতুন উদ্যোগের আওতায় উপজেলা পর্যায়ে অপরাধপ্রবণ কিশোরদের বিষয়ে তথ্য সংগ্রহ, অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে কাউন্সেলিং এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

/বিবি/