শিরোনাম

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

বরিশাল সংবাদদাতা
গুপ্ত সংগঠনের ব্যক্তিরা জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান
বরিশালে জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও অন্যান্য নেতাকর্মী। ছবি: বিএনপি মিডিয়া সেল

জামায়াতে ইসলামকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে তাদের বিষয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে নারী পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালেম যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে সেই জালেমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু এরা নারীদের নিয়ে কিভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, ‘দুঃখের বিষয় যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের ভাষায় একটি রাজনৈতিক দল কথা বলছে। ভেবেছিলাম পাঁচই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে।

তিনি বলেন, ‘কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই। একটি রাজনৈতিক দল, যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয়ে চেনে, জনগণ তাদের কি পরিচয়ে চেনে? গুপ্ত পরিচয়ে চেনে, গুপ্ত পরিচয়ে।’

জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তারেক রহমান প্রশ্ন করেন, ‘আপনারা চেনেন কারা তারা? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা?

এ সময় জনসভা থেকে সমস্বরে আওয়াজ ওঠে ‘জামায়াত।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। ছবি: বিএনপি মিডিয়া সেলা
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। ছবি: বিএনপি মিডিয়া সেলা

তারেক রহমান তখন বলেন, ‘প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসেবে চেনে, এই জালেমদের নেতা দুইদিন আগে নারীদের নিয়ে অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে।’

‘দেশের মা-বোনদের প্রতি যে ব্যক্তি বা যেই দলের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই; দেশের মা-বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ সম্মানজনক কোনো মর্যাদা পূর্ণ আচরণ আশা করতে পারে না,’ যোগ করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, এরা বলে ইসলামের রাজনীতি করে, অথচ নবীর স্ত্রী নিজে একজন কর্মজীবী মহিলা ছিলেন। সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দে জর্জরিত করল!’

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে ১২ তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে।’

/জেএইচ/