শিরোনাম

আসিফ মাহমুদকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আসিফ মাহমুদকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, ‘লং মার্চ টু ঢাকার ঘোষক এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (২৯ মার্চ) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থান মূলত ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। পরে তিনি ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত হন এবং ২০২৩ সালে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন। তবে আদর্শিক কারণে পরবর্তীতে তিনি পদটি ত্যাগ করে ‘গণতান্ত্রিক ছাত্র শক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন জোরদার হলে, আসিফ মাহমুদ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে সারাদেশে পরিচিতি পান। আন্দোলনের উত্তাল সময়ে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়া এবং ৫ আগস্টের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা তাকে গণঅভ্যুত্থানের প্রতীকী ব্যক্তিত্বে পরিণত করে।

২০২৪’র ৫ আগস্ট তৎকালীন সরকার পতনের পর ৮ আগস্ট আসিফ মাহমুদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে শপথ নেন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরবর্তীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।

এরপর সত্বন্ত্র হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচন করার ঘোষণা দেন। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

/টিই/