শিরোনাম

স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজের তহবিল নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজের তহবিল নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে লুটপাটের অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সংসদকে জানিয়েছেন, স্বাস্থ্যখাতে বড় ধরনের অর্থসংকট তৈরি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতো পর্যাপ্ত টাকাও নেই।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের ‘গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ’ সংক্রান্ত এক নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে যে পরিমাণ লুটপাট ও অব্যবস্থাপনা হয়েছে, তাতে কোথাও কোনো উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হয়নি। এমনকি ২৫০ শয্যার নির্মাণাধীন হাসপাতালগুলোর নকশাতেও ত্রুটি রাখা হয়েছে। অনেক জায়গায় প্রবেশপথের পাশেই বাথরুম করা হয়েছে, দুর্গন্ধে মানুষ ঢুকতে পারবে না।’

সরদার সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনো তহবিল নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মত পর্যাপ্ত টাকা নেই। সব শেষ করে গেছে। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও যা কিছু ছিল, তাহা কিছু নিঃশেষ হয়ে গেছে।’

দেশের বিদ্যমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে দুই-তিন দফা আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘আগামী বাজেটের পর আমাদের যে সীমিত সম্পদ রয়েছে, তা থেকেই পর্যায়ক্রমে সব উপজেলায় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, আমরা ততটুকু করবো।’

/টিই/