আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে: আইনমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনগত প্রক্রিয়ায় যে পথে এগোনোর সুযোগ রয়েছে, সরকার সে পথেই অগ্রসর হবে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করতে নতুন করে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এই বিষয়টি বিবেচনায় রয়েছে।’

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় পৃথক ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া যে পথে অনুমতি দেয়, সরকার সেভাবেই এগোবে।

এ সময় শেখ হাসিনার মামলাগুলোর বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হবে কি না, জানতে চান সাংবাদিকেরা। জবাবে আইনমন্ত্রী বলেন, একজন ব্যক্তির জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই। যেসব আদালতে মামলা হয়েছে, সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারিক এখতিয়ার অনুযায়ী সেখানেই বিচার চলবে। তিনি বলেন, একজনের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের পক্ষে সরকার নয়।

/এফআর/