পটুয়াখালীতে সাবেক ৩ এমপি ও মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুর

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পটুয়াখালীতে সাবেক ৩ এমপি ও মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুর
সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার বাড়ির মূল ফটকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য (এমপি) ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। সভা শেষে বিএনপির নেতা-কর্মীরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপর সাবেক দুই সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকার বাড়িতে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হামলা চালানো হয়। এ সময় বাড়িতে ভাঙচুর করা হয়। আনোয়ার-উল ইসলাম ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি মারা যান।

এরপর রাত আটটার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে একটি সংঘবদ্ধ দল।

এর প্রায় আধা ঘণ্টা পর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিব্বুর রহমানের কলাপাড়ার বাসভবনেও ভাঙচুর চালানো হয়। তিনি আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি।

ঘটনাগুলোর বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার বলেন, আওয়ামী লীগের কিছু লোক অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর প্রতিবাদেই তারা সন্ত্রাসবিরোধী সভা করেছেন। তবে বাড়িগুলোতে যেভাবে হামলা-ভাঙচুরের কথা বলা হচ্ছে, বাস্তবে ততটা ঘটেনি। হয়তো দরজায় চার-পাঁচটি আঘাত করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাড়ির প্রধান ফটকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

লুৎফুন নেছার পুত্রবধূ রোকসানা পারভীনের ভাষ্য, ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সীমানাপ্রাচীরের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে বাড়িতে ঢুকতে না পেরে তারা ফটকটি ভাঙচুর করেন।

লুৎফুন নেছা দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের স্ত্রী।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে ওই বাড়ির সামনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তখন কেউ কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ ফিরে আসে।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই নেতার বাড়িতে হামলা

এদিকে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বাগানবাড়ি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারা হলেন ছাত্রলীগের জেলা শাখার যুগ্ম সম্পাদক মিকাইল হোসেন এবং পৌর শাখার সভাপতি সামি আহমেদ।

স্থানীয় লোকজনের তথ্য অনুযায়ী, রাত আটটার দিকে মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জন যুবক প্রথমে সামি আহমেদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বাড়ির জানালার বেশ কয়েকটি কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে বাড়ির নিচতলায় থাকা একটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করেন। এ সময় বাড়ির থাই গ্লাস, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়।

পরে একই এলাকায় মিকাইল হোসেনের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। সামি আহমেদের বাড়িতে তাদের পরিবারের কেউ থাকেন না বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।

বাড়িটির ভাড়াটে শেখ তানজিম হাসান বলেন, হামলাকারীরা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল নিয়ে গেছেন। তাদের মুখে মাস্ক থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

একটি সূত্রের দাবি, সম্প্রতি জেলা শহরে মিছিল করা নিয়ে ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে এক স্বেচ্ছাসেবক দল নেতার সঙ্গে মিকাইল হোসেনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মিকাইল হোসেন ও সামি আহমেদ ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তারা বিভিন্ন সময়ে মিছিলও করছেন। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ হামলা চালিয়ে থাকতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

/এমআর/