ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) লোগো

বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ৬ শতাংশ সুদে ঋণ পাবেন দেশের ২১ হাজার গ্রাহক। এ লক্ষ্যে সরকারের দেওয়া ৫০০ কোটি টাকার তহবিল থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির ৯৬টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকদের কাছে এ ঋণসুবিধা পৌঁছে দেওয়া হবে।

সংস্থাটি জানায়, দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি পিকেএসএফকে ৫০০ কোটি টাকার ঋণ দিয়েছে। এ অর্থ ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহক পর্যায়ে বিতরণ করা হচ্ছে। এর ফলে ব্যক্তি, পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তারা তুলনামূলক কম সুদে নিজেদের বাড়ি বা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ পাবেন।

কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে পিকেএসএফের ৯৬টি সহযোগী প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদন ও অর্থ ছাড়ের কার্যক্রম শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আগ্রহী গ্রাহকেরা সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ঋণ নিতে পারবেন।

পিকেএসএফের হিসাব অনুযায়ী, এ তহবিলের অর্থায়নে সারা দেশে প্রায় ২১ হাজার বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে। এসব ব্যবস্থা থেকে সম্মিলিতভাবে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির মতে, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে গ্রাহকদের বিদ্যুৎ খরচ কমবে। পাশাপাশি বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও এটি সহায়ক হবে। বিশেষ করে পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তারা বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন।

এ উদ্যোগের আরেকটি লক্ষ্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো। পিকেএসএফের প্রক্ষেপণ অনুযায়ী, সৌরবিদ্যুৎ স্থাপনের এ কর্মসূচির ফলে আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সেবা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি।

কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণে একটি স্বয়ংক্রিয় ড্যাশবোর্ডও চালু করেছে পিকেএসএফ। এর মাধ্যমে মাঠপর্যায়ে ঋণ বিতরণ এবং সৌরবিদ্যুৎ স্থাপনের কাজের অগ্রগতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।

/এমআর/