গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত: গোলাম পারওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত: গোলাম পারওয়ার
বিক্ষোভ কর্মসূচিতে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখবো।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে ডাকা বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না; এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারে না, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রী সভায় রাখা যায় কি-না প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।

প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের খবর কিন্তু সরকার এবং বিএনপির জন্য শুভ নয়। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। আমরা এখনই বলছি না সরকারকে পদত্যাগ করতে। আমরা চাই সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাস করা গেলেও সেই আইন টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের কোনো বিকল্প নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি দল ও বিরোধীদল মিলে বিল পাস করা।

তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তাই জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, যারা এদেশে গণহত্যা চালিয়ে হাজার-হাজার মানুষকে হত্যা করে ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে গেছে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক! ইন্ডিয়া থেকে ৭ বছরের ট্রেনিং নিয়ে দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে।

মাওলানা রফিকুল ইসলাম খান আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, যখন শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র ছিল তখন তিনি পালিয়ে গেছে আর এখন তিনি শূন্য হাতে বাংলাদেশে ফিরবে এটি কেবলই দিবাস্বপ্ন।

এসময় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত। এছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে হাজার-হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতা, নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

/এসবি/