শেখ হাসিনাকে দেশে ফেরানোর আলোচনায় ভারতের দুই শর্ত: বিবিসি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শেখ হাসিনাকে দেশে ফেরানোর আলোচনায় ভারতের দুই শর্ত: বিবিসি
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সোয়া দুই বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন। এরইমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েকমাস আগে শেখ হাসিনা বার্তাসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। এদিকে সরকার চায় বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দেওয়া হোক।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে? এই ‘প্রত্যাবর্তনে’র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনো তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি কীভাবে দেখছে– এসব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটা ইস্যু হয়ে উঠেছে, এটা কোনো গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।

ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভাল সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও তা সফল হয়নি। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সেদেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত বিকল্প হতে পারে।

বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই– সেটা নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত। দুই পক্ষ বিষয়টি নিয়ে সহমত হওয়ার পরেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।

প্রত্যর্পণের অনুরোধ ঝুলিয়ে রাখা হয়েছে

শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল ২০২৪-এর ডিসেম্বরেই। এরপর একাধিকবার সেই মর্মে তাগাদাও দেওয়া হয়েছে।

ভারত সেই অনুরোধে এখনো কোনো সাড়া দেয়নি– হ্যাঁ বা না কিছুই বলেনি। কিন্তু ভারত যদি সত্যিই চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, তাহলে সে‌ই অনুরোধ মেনে নিতে অসুবিধা কোথায়?

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, ‘আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’

ভারতের পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু– তাকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অতীতে ‘হাতকড়া পড়িয়েও’ বিদেশ থেকে বন্দিদের ফেরত পাঠানোর নজির আছে।

কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সেরকম কিছু করবে– তা কল্পনারও অতীত। সেটা করা হলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে। যেমন নেপালে, শ্রীলংকায় বা মালদ্বীপে কোনো নেতাই ভারতকে আর কখনো ভরসা করতে পারবেন না।

তা ছাড়া শেখ হাসিনা যখন ২০২৪ সালের ৫ আগস্ট ভারতের মাটিতে পদার্পণ করেন, তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না– ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের চোখে তার সেই ‘স্ট্যাটাসে’ কোনো পরিবর্তন হয়নি।

ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন অনেক আইনি ফাঁকফোকর আছে, যা কাজে লাগিয়ে কোনো অনুরোধ দিনের পর দিন ফেলে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধ নিয়েও ভারতও ঠিক সেরকম কিছুই করছে।

ভারতের প্রধান দুটি শর্ত

দিল্লিতে সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুইটি।

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে– তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। অর্থাৎ, বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।

দ্বিতীয় শর্তটা হলো, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়– বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

তবে এই দাবিটা যেন বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্যও করছে না।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, ‘আমরা কখনোই জেনে-বুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’

তিনি আরও জানান, সেই বিচার যেন আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে।

এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যেন প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।

দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা কী

অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কিছুটা আকস্মিকভাবে এক অনির্ধারিত সফরে দিল্লিতে যান। তখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও দেখা করেন।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে দেখা করেন
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে দেখা করেন

ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বিবিসিকে বলেন, হাইকমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনো কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে। সেই কারণটা আর কিছুই নয়– শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীরও একটা সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।

বস্তুত গত দুই-আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে যতই ওঠাপড়া থাক, দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ থেকেছে এবং তা কখনোই বন্ধ হয়নি।

ভারতে ঠিক এর আগের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তার পূর্বসূরীরাও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, চব্বিশের জুলাইয়ের আগে থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে।

দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্কটা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই আসলে ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে না, এটাও তো ভারত নিশ্চিত করতে চাইবে। কারণ চাই বা না চাই, এই দায়িত্ব এই মুহূর্তে ভারতের কাঁধেই এসে পড়েছে।

ফলে বাংলাদেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার ভার সেনাবাহিনীই নিক, এটাও ভারত চাইছে।

/এফসি/