শিরোনাম

যে ৬ আসনে জয়ী এনসিপির প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
যে ৬ আসনে জয়ী এনসিপির প্রার্থীরা
কোলাজ ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। তারা হলেন– এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ ও নারায়াণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৮ হাজার ২০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২ হাজার ২১২ ভোট। ৫ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে জয় পান তিনি।

আখতার হোসেন। ছবি: সংগৃহীত
আখতার হোসেন। ছবি: সংগৃহীত

রংপুর-৪ (পীরগাছা কাউনিয়া) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। আখতারের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হজার ৯৪৪ ভোট।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ে ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত ও বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন।

আবদুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত
আবদুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম। দুজনের ভোটের ব্যবধান ২৬ হাজার ৭৪৬।

কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে জাতীয় নাগরিক পার্টির ড. আতিকুর রহমান (আতিক মোজাহিদ) ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৯ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৯ হাজার ৫৩০।

হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ (নারায়ণগঞ্জ সদর উপজেলার একাংশ) আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। আবদুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব।

আবদুল্লাহ আল আমিন। ছবি: সংগৃহীত
আবদুল্লাহ আল আমিন। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দলের অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থী ছিলেন ৮৩ জন । তাদের মধ্যে দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।

এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি। এনসিপি ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা দিয়েছিল।

/এসআর/