নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ রিজেন্ট গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ রিজেন্ট গ্রুপ
সেমস গ্লোবাল আয়োজিত আবাসন মেলায় রিজেন্ট গ্রুপ ডেভেলপারের স্টল

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কসংলগ্ন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে সেমস গ্লোবাল আয়োজিত আবাসন মেলায় আকর্ষণীয় আবাসন ও প্লট প্রকল্প নিয়ে অংশ নিয়েছে রিজেন্ট গ্রুপ ডেভেলপার। মেলায় প্রতিষ্ঠানটির স্টলে দর্শনার্থী ও সম্ভাব্য গ্রাহকদের কাছে চলমান ও ভবিষ্যৎ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) মেলায় প্রতিষ্ঠানটির স্টলে কথা বলেন রিজেন্ট গ্রুপ ডেভেলপারের ম্যানেজার (অপারেশন) নূরে আলম। এ সময় তিনি প্রতিষ্ঠানের আবাসন ও প্লট প্রকল্প, জমির মালিকানা, মূল্য এবং গ্রাহকদের কাছে প্রকল্প হস্তান্তরের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান।

নূরে আলম বলেন, রিজেন্ট গ্রুপ ডেভেলপার মূলত আবাসিক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও প্লট নিয়ে কাজ করছে। রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, আগারগাঁও, শাহজাদপুর, গুলশান, আফতাবনগর ও বসুন্ধরার মতো গুরুত্বপূর্ণ এলাকায় ১ হাজার ৩৫০ থেকে ৪ হাজার বর্গফুট আয়তনের আবাসিক অ্যাপার্টমেন্ট নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া কক্সবাজারের ইনানীতে রয়েছে প্রতিষ্ঠানটির অন্যতম প্লট প্রকল্প। রয়েল টিউলিপ হোটেল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির এক পাশে মেরিন ড্রাইভ এবং অন্য পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক রয়েছে।

তিনি বলেন, ১০০ বিঘার বেশি জমির ওপর গড়ে ওঠা এ প্রকল্পের সম্পূর্ণ জমি রিজেন্ট গ্রুপের নিজস্ব কেনা ও মালিকানাধীন। ইতোমধ্যে আটটি মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র নেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পের সীমানাপ্রাচীর নির্মাণের কাজও শুরু হয়েছে। প্রকল্পটিতে মোট ৯০টি প্লট বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছে। এসব প্লটের আয়তন ৩ থেকে ৩৫ কাঠা পর্যন্ত। প্রকল্পটি তিনটি পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে দ্বিতীয় পর্যায়ের সব প্লট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। প্রথম পর্যায়ের প্লট ২০২৭ সালের আগস্টে এবং তৃতীয় পর্যায়ের প্লট ২০২৮ সালের আগস্টে গ্রাহকদের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

নূরে আলম বলেন, নির্ধারিত মূল্যের মধ্যেই ডেভেলপমেন্ট চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের অতিরিক্ত কোনো গোপন চার্জ দিতে হবে না। আগ্রহী ক্রেতারা প্রতিষ্ঠানের কার্যালয়ে এসে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে মূল্য পরিশোধের পরই প্লটের রেজিস্ট্রি গ্রহণ করতে পারবেন।

বর্তমান আবাসন খাতে গ্রাহকদের আস্থা অর্জন প্রসঙ্গে তিনি বলেন, অনেক ডেভেলপার প্রতিষ্ঠান প্লট বিক্রির পর জমি অধিগ্রহণ করে রেজিস্ট্রি সম্পন্ন করে। তবে রিজেন্ট গ্রুপের প্রকল্পের জমির সম্পূর্ণ মালিকানা নিজস্ব হওয়ায় গ্রাহকদের কাছে দ্রুত ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর করা সম্ভব হচ্ছে।

অ্যাপার্টমেন্ট প্রকল্পের সময়সীমা সম্পর্কে রিজেন্ট গ্রুপ ডেভেলপারের ম্যানেজার বলেন, প্রকল্প শুরুর পর দুই থেকে সর্বোচ্চ আড়াই বছরের মধ্যে আবাসিক অ্যাপার্টমেন্ট হস্তান্তরের লক্ষ্য নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। আড়াই বছরের বেশি সময় প্রয়োজন হয়-এমন কোনো প্রকল্প তারা গ্রহণ করেন না।

গ্রাহকদের বিনিয়োগের যথাযথ মূল্যায়ন ও নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তরকে প্রতিষ্ঠানের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমাদের মালিকপক্ষ ও ব্যবস্থাপনা পর্যায়ের সবার মূল লক্ষ্য হলো, গ্রাহকের অর্থ যেন সঠিকভাবে ব্যবহৃত হয় এবং তাদের বিনিয়োগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয়। আমরা নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ। নির্মাণকাজের মানের বিষয়ে কোনো ধরনের আপস করি না।

নূরে আলম বলেন, দক্ষ ও সুশিক্ষিত কর্মীবাহিনীর মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার চেষ্টা করছে রিজেন্ট গ্রুপ ডেভেলপার। গ্রাহকদের আস্থা ধরে রাখা এবং মানসম্মত আবাসন নিশ্চিত করাই তাদের কার্যক্রমের মূল লক্ষ্য।

/এসবি/