সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
সংসদ অধিবেশন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বগুড়া ও এর আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ পাস হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এর আগে বিলটির ওপর জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। গত ৯ নভেম্বর সংসদে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

বিলে বগুড়া ও এর আশপাশের এলাকায় সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার কথা বলা হয়েছে। পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এসব লক্ষ্য বাস্তবায়নে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ (বউক) প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে বিলে। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র বগুড়ার ক্রমবর্ধমান নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) আদলে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে।

সংসদে মন্ত্রী জানান, এ আইন প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর আশপাশের এলাকার টেকসই উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। এর ফলে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ ও উন্নত জীবনযাপনের পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

/এমআর/