শাপলা চত্বর হত্যা মামলা: ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেবেন জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাপলা চত্বর হত্যা মামলা: ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেবেন জিয়াউল আহসান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

শাপলা চত্বর মামলার বিচারকাজে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার সুযোগ দিতে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে এতদিন তিনি সরাসরি আদলতে উপস্থিত থাকলেও পরবর্তী শুনানির দিন থেকে অংশ নেবেন ভার্চ্যুয়ালি।

তাকে আগামী শুনানি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না করার তথ্যটি দিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, জিয়াউল জেলখানা থেকে অডিও ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দিয়েছেন। ট্রাইবুনাল আজ শুনানি শেষে জিয়াউল আহসানের আবেদনটি মঞ্জুর করেছেন। এখন থেকে শাপলা চত্বরের মামলায় জিয়াউল আহসানকে জেলখানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করানো হবে।

এ আদেশ শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে নয়, ওপরে উল্লেখিত মামলার যেকোনো আসামির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই মামলার কোনো আসামি যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন অথবা যদি অনিয়ন্ত্রিত বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, তাহলে তাদের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে। কেউ যদি হাতকড়া পরতে না চান বা আদালতে আসতে না চান অথবা যেসব রীতি ও চর্চা এখানে আছে, সেগুলো মানতে না চান; তাদেরও চাইলে ভার্চ্যুয়ালি হাজির করা হবে।

জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলা চলছে। গত অক্টোবরে ট্রাইব্যুনাল-১ এর দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে জিয়াউলকে সে মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় না। ভার্চ্যুয়ালি সে মামলার বিচারপ্রক্রিয়ায় অংশ নেন জিয়াউল।

/আরএ/