শিরোনাম

জাতীয় সংকটে বারবার নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

সিটিজেন ডেস্ক
জাতীয় সংকটে বারবার নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত

জাতীয় সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অতীতের শাসকরা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করলেও বিএনপি রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক ধারা, সাংবিধানিক কাঠামো ও যুক্তিতর্কের মাধ্যমে রাজনীতি পরিচালনা করেছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আজকের সংসদ তারই প্রমাণ।’ তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি বিভিন্ন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজনৈতিক সমাধান চায়।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়। ভোটের আচরণ ও রাজনৈতিক সমীকরণের পরিবর্তন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন বাস্তবতা তৈরি করেছে।

স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, পরবর্তীতে খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দলটি বিভিন্ন সংকটে ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

১৯৭১, ১৯৭৫, ১৯৮২ এবং ২০২৪ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় ভূমিকা রেখেছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক সংকট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সরকার এমন এক অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে যেখানে দেশের ওপর প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। সরকার ইতোমধ্যে এই সংকট মোকাবেলায় কাজ করছে।

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালীর সংকট জ্বালানি আমদানিতে প্রভাব ফেলছে, যা বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। তিনি বলেন, এসব বিষয়ে সংসদে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, আগামী বাজেট প্রণয়নে অর্থমন্ত্রী প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন, যা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে দেশে আদর্শিক বিতর্ক বিদ্যমান। তিনি দাবি করেন, এই বিতর্কের মূল কারণ আদর্শগত পার্থক্য।

/এমআর/