জেলা-উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ে তুলবে সরকার: গৃহায়নমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জেলা-উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ে তুলবে সরকার: গৃহায়নমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

রাজধানীসহ অন্যান্য বড় শহরের জনসংখ্যার অতিরিক্ত চাপ কমাতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিকল্পিত আবাসিক এলাকা ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এ তথ্য জানান।

মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিকল্পিত আবাসিক এলাকা ও স্যাটেলাইট টাউন গড়ে তুলতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কাজ করছে। জেলা ও উপজেলা শহরগুলোতে নাগরিক সুযোগ-সুবিধা, আধুনিক অবকাঠামো এবং জনসেবা সম্প্রসারণের মাধ্যমে ঢাকা ও অন্যান্য বড় মহানগরীর ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে অপরিকল্পিত আবাসন গড়ে ওঠা রোধ, কৃষিজমি সংরক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও সরকারের অন্যতম উদ্দেশ্য। ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় সুপরিকল্পিত, আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর এলাকা গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ সহায়ক হবে।

মন্ত্রী জানান, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন সুবিধা সম্প্রসারণে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ নিজ আওতাধীন এলাকায় আধুনিক আবাসন প্রকল্প ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করছে।

/এফসি/