দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে: আদিল মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে: আদিল মুহাম্মদ
নগর সংলাপে কথা বলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেছেন, রাজধানীসহ দেশের সব শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। নগর-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ​রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘নগর সংলাপ’-এ তিনি এসব কথা বলেন।

আদিল মুহাম্মদ খান বলেন, আমলানির্ভর উন্নয়ন কর্তৃপক্ষগুলো স্থানীয় সরকার ও সাধারণ নাগরিকদের মতামত ছাড়াই শহরের পরিকল্পনা পরিবর্তন করছে, যার ফলে শহরগুলোতে বিশৃঙ্খলা ও দুর্নীতি বাড়ছে।

তিনি বলেন, ‘আমরা প্রায়ই ভাবি শুধু ঢাকাই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। কিন্তু কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের প্রতিটি শহরের বাতাস ও পানির মান অত্যন্ত খারাপ। সব শহরই এখন ধুঁকছে।

এই নগর পরিকল্পনাবিদ বলেন, উন্নত শহর গড়তে হলে স্থানীয় সরকারের ভূমিকা অপরিহার্য। অথচ দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে কেবল ময়লা পরিষ্কার ও মশা নিধনের সংস্থায় পরিণত করা হয়েছে। পরিকল্পনা প্রণয়নে তাদের কোনো অংশীদারত্ব রাখা হয়নি।

তিনি বলেন, ২০২২ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়নের পর গত ৪ বছরে তিনবার তা সংশোধন করা হয়েছে, কিন্তু কোনোবারই স্থানীয় সরকার বা সিটি করপোরেশনকে জিজ্ঞেস করা হয়নি। একটি এলাকায় ৫-৬ তলা ভবনের উপযোগী অবকাঠামো ও ইউটিলিটি সেবা থাকার পরও উন্নয়ন কর্তৃপক্ষ এলাকাবাসী বা স্থানীয় সরকারের মতামত না নিয়েই ১৪ তলা ভবনের অনুমোদন দিচ্ছে। ফলে আলো-বাতাস বন্ধ হওয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ভেঙে পড়ছে।

আদিল মুহাম্মদ খান বলেন, এক সংস্থা রাস্তা তৈরি করে, অন্য সংস্থা কোনো সমন্বয় ছাড়াই তা কেটে ফেলে। সামান্য অনুমতি ফি দিয়ে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়, কিন্তু স্থানীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। মূলত দুর্নীতির সুযোগ তৈরি করতেই এই বিশৃঙ্খল অবস্থা জিইয়ে রাখা হয়েছে। ​

/এসবি/