শিরোনাম

প্রধান বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রধান বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে প্রধান বিরোধী দল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ বিষয়ে প্রধান বিরোধী দলকে প্রার্থী ঠিক করার জন্য সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার। এরই অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে প্রস্তাব করেছি, তারা যেন ডেপুটি স্পিকারের প্রার্থী নির্ধারণ করেন।

সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার, দুটি পদেই প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের খাতিরে সরকার তা করছে না বলে ইঙ্গিত দেন সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের যে সমঝোতা হয়েছে, সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ আছে, যার একটি বিরোধী দল পাবে।

যদিও ঠিক এভাবে বলা না থাকলেও বর্তমান কাঠামো অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন।

অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে জাতীয় সংসদের প্রথম দিনে অধ্যাদেশগুলো উপস্থাপন করার। তাই সেগুলো সংসদে উপস্থাপিত হবে। তবে এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না, তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। সে অনুযায়ী তা গ্রহণের বিষয়টি চিন্তা ভাবনা করা হবে।

/জেএইচ/