এক্সপ্লেইনার

গণহত্যার রায় এলো, এবার কি রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারবে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গণহত্যার রায় এলো, এবার কি রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারবে
রোহিঙ্গা শরণার্থী

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযানে গণহত্যার উদ্দেশ্য ছিল বলে সিদ্ধান্তে পৌঁছেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ ঘটনায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

এদিকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া এ রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে আদালতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারবেন কি না, পাশাপাশি নিরাপত্তা ও নাগরিকত্বের অধিকার ফিরে পাবেন কি না, এগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রায়ের খবরে উচ্ছ্বসিত রোহিঙ্গারা

রায়ের খবর প্রকাশের পর বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে আনন্দ প্রকাশ করেন রোহিঙ্গা শরণার্থীরা। দীর্ঘ ৯ বছর ধরে নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকা এসব মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এজন্য তারা কৃতজ্ঞ। তবে তারা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চান না। আইসিজের রায় তাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের পথকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, তাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের বাড়িঘরে ফিরে যাওয়া। এজন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্টদের মতে, এ রায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর সুযোগ তৈরি করবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের জন্য এটি ইতিবাচক হবে বলে মনে করি। এই রায়ে সন্তুষ্ট ঢাকা। এই রায়ের কারণে মিয়ানমারের ওপর চাপ বাড়বে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া তরান্বিত হবে।

অন্যদিকে রায়কে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়ের ভিত্তিতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়বে। তবে প্রত্যাবাসন নিশ্চিত করা এবং গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে আদালতের রায় কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান তিনি।

রায় বাস্তবায়ন নিয়ে সংশয়

আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আদালতের নিজস্ব কোনো কার্যকর প্রয়োগকারী বাহিনী নেই। ফলে মিয়ানমার সরকার রায় বাস্তবায়নে অনীহা দেখালে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপরই অনেকাংশে নির্ভর করতে হবে। এ কারণে অনেকে রায়টিকে রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ আইনি স্বীকৃতি হিসেবে দেখলেও তাৎক্ষণিক প্রত্যাবাসনের নিশ্চয়তা হিসেবে দেখছেন না।

গাম্বিয়ার পক্ষে মামলায় যুক্ত মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি এ রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তার মতে, রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার সুযোগ তৈরিতে মিয়ানমারকে ২ বছর সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাবাসন সম্ভব না হলে রোহিঙ্গাদের কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া উচিত, তা আদালত মূল্যায়ন করতে পারে।

রায়ের প্রভাব

এদিকে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় ঘোষণার পরপরই কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। পাশাপাশি, আদালতের এ রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকারও উদ্যোগ নিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। এ রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় প্রতিষ্ঠিত হয়েছে।’ যুক্তরাজ্য আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করার কথা উল্লেখ করেন মিলিব্যান্ড।

এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, এ রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে এমন রায় দেয়নি।

মামলার পটভূমি

২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা দায়ের করেছিল। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে এটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলা নামে পরিচিত। বিশ্বের ১১টি দেশ এ মামলায় পক্ষভুক্ত।

মামলার অভিযোগে গাম্বিয়া জানায়, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

অভিযোগে রোহিঙ্গাদের বিরুদ্ধে ওই অভিযানে হত্যা, ব্যাপক ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়েছেন।

মামলায় গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারকে গণহত্যা সনদের অধীন বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার আদেশ চায়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটার নিশ্চয়তা দেওয়ারও আবেদন করে দেশটি।

আদালতের এখতিয়ারের ভিত্তি হিসেবে গাম্বিয়া ১৯৪৮ সালের গণহত্যা সনদের ৯ম অনুচ্ছেদের কথা উল্লেখ করেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, সনদ বাস্তবায়ন বা ব্যাখ্যা নিয়ে রাষ্ট্রগুলোর বিরোধ আইসিজেতে তোলা যায়।

গাম্বিয়ার আবেদনের সঙ্গে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আবেদনও ছিল। এরই অংশ হিসেবে ২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদে বর্ণিত কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেইসঙ্গে মামলার সঙ্গে সম্পর্কিত প্রমাণ সংরক্ষণ এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গাম্বিয়ার লিখিত অভিযোগ জমা দেওয়ার পর মিয়ানমার আদালতের এখতিয়ার ও মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তুলেছিল। তবে ২০২২ সালের ২২ জুলাই রায়ে আদালত জানায়, মামলাটি শুনানির এখতিয়ার তাদের রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য।

আদালতের পর্যবেক্ষণ

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি ১৯ নভেম্বর রায় ঘোষণার সময় মামলার প্রেক্ষাপট, সাক্ষ্যপ্রমাণ ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে রাখাইনে সংঘটিত সহিংসতার শিকার ব্যক্তিদের বক্তব্য শুনেছে আদালত। গাম্বিয়ার পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষীদের দেওয়া নির্দিষ্ট ঘটনার বিবরণ আদালতের কাছে বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে তাদের অধিকার সংকুচিত করা হয়েছে। এর ফলে তারা সমাজে প্রান্তিক ও বিশেষভাবে অরক্ষিত জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন। পাশাপাশি সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা উস্কে দিয়েছে।

বিচারক ইউজি জানান, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংস নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাতিগত নিধনের উদ্দেশ্য নিয়ে এসব কর্মকাণ্ড চালিয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যথেষ্ট যৌক্তিক ভিত্তি রয়েছে। ২০১৭ সালের অভিযানের আগে ও চলাকালে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যা নিরাপত্তা বাহিনীর ব্যাপক সহিংসতা চালানোর পথ তৈরি করে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে নিশ্চিহ্ন করার অভিপ্রায় গড়ে ওঠার পরিবেশও সৃষ্টি করা হয়েছিল।

আদালতে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া গেছে বলেও জানান আইসিজে সভাপতি।

রোহিঙ্গা গণহত্যা ও বাংলাদেশে আশ্রয়

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামের একটি সশস্ত্র গোষ্ঠী প্রায় ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে মিয়ানমার সেনাবাহিনী রাজ্যজুড়ে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। অভিযানে ব্যাপক হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে কয়েক মাসের মধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

নৌকায় করে নাফ নদী পেরিয়ে কিংবা দুর্গম পাহাড়ি পথ হেঁটে তারা বাংলাদেশে প্রবেশ করেন। ফলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গড়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী আশ্রয়শিবির। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।

তবে দীর্ঘদিন ধরে শিবিরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, মাদক পাচার, অপহরণ ও হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘাত তীব্র হলে নতুন করে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেন। ফলে শরণার্থী ব্যবস্থাপনায় বাংলাদেশের ওপর আরও চাপ বেড়েছে।

প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটবে কি?

রোহিঙ্গা সংকট শুরুর পর মানবিক বিবেচনায় সীমান্ত খুলে দেয় বাংলাদেশ। ফলে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এ উদ্যোগ প্রশংসিত হয়। তবে প্রায় এক দশক পর সেই অস্থায়ী আশ্রয়ই দেশের জন্য দীর্ঘমেয়াদি সংকটে পরিণত হয়েছে।

প্রথম থেকেই বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়ে আসছে। ২০১৭ সালের পর দুই দফায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসনসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। মিয়ানমার যাচাই-বাছাই শেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বললেও পরিচয় যাচাইসহ বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি হয়েছে।

অন্যদিকে, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান। তবে তার আগে নাগরিকত্বের স্বীকৃতি, জানমালের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চয়তা চাইছেন তারা। এছাড়া রাখাইনে এখনও সংঘাত চলমান রয়েছে। এটিও প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

২০২১ সালে সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর মিয়ানমারজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। এতে এখন পর্যন্ত আনুমানিক ১ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখের বেশি।

রাখাইনে সামরিক বাহিনী ও প্রধানত বৌদ্ধদের নিয়ে গঠিত বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির লড়াই পরিস্থিতি আরও খারাপ করেছে। আরাকান আর্মিও রোহিঙ্গাদের নিশানা করে থাকে।

গত আগস্টে মিয়ানমার জানিয়েছিল, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি শরণার্থীর পরিচয় যাচাই করে প্রত্যাবর্তনের জন্য নিবন্ধন করা হয়েছে। তবে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার পরই কেবল তাদের প্রত্যাবর্তন শুরু হতে পারে।

তবে আদালতের রায়কে বাস্তবে রূপ দিতে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ, নিরাপত্তা নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব বিষয়ে অগ্রগতি না হলে ঐতিহাসিক এ রায়ের পরও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অপেক্ষা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার রায়ের আগে সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, জাতিগত নিধন রায় রোহিঙ্গাদের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। তবে স্বল্প মেয়াদে তাদের অবস্থার তেমন পরিবর্তন না–ও হতে পারে।

মাইকেল বেকার আরও বলেন, ‘আইসিজে সুদূরপ্রসারী প্রতিকারের নির্দেশ দিলেও মিয়ানমারের বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে শিগগিরই তা কার্যকর করার অনুকূল পরিবেশ নেই।’

এখন সবচেয়ে বড় প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের এই রায় মিয়ানমারের অবস্থানে কতটা পরিবর্তন আনতে পারে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘদিনের প্রত্যাবাসনের স্বপ্ন বাস্তবায়নে কতটা ভূমিকা রাখবে।

/জেএইচ/