শিরোনাম

উপদেষ্টা জাহেদের প্রবেশে বাধা, ঢাকায় ভারতীয় দূতকে তলব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
উপদেষ্টা জাহেদের প্রবেশে বাধা, ঢাকায় ভারতীয় দূতকে তলব
জাহেদ উর রহমান

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদপত্র তার হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা জানান, তলবের বিষয়ে দিনশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

দিল্লিতে আজ সোমবার থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনের বৈঠক। এতে অংশ নিতে রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

কিন্তু বিমানবন্দরে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টিও স্পষ্ট করছিল না। এ পরিস্থিতিতে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

দিল্লি থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকেরা দিল্লির ঘটনা নিয়ে জানতে চাইলেও উপদেষ্টা কোনো মন্তব্য করেননি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন লিখেছে, ভারতের নিরাপত্তা-সংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচ লিস্ট) উপদেষ্টা জাহেদ উর রহমানের নাম থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছিল। সে কারণেই বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য সাময়িকভাবে আটকে রাখেন।

প্রতিবেদনে বলা হয়, স্পষ্টতই একটি প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম সংক্রান্ত একটি ‘কালো তালিকা’ থেকে জাহেদ উর রহমানের নাম আগেই সরিয়ে ফেলা হলেও অভিযোগ রয়েছে, তা ইমিগ্রেশনের তালিকায় রয়ে গিয়েছিল। যে কারণে তিনি পৌঁছানোর পরই সতর্কতা তৈরি হয়।

পরে এই অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশের অনুমতি দেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ ‘যথাযথ না হওয়ায়’ উপদেষ্টা তার পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফেরার প্রস্তুতি নেন।

/এফসি/