শিরোনাম

‘মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে বসলেই হবে’

সিটিজেন ডেস্ক
‘মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে বসলেই হবে’
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে তা অনুমোদন পায়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই।

সোমবার (২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্স এলএলসি-এর অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের ফ্লোরিডা সফরের প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়।

এ প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। মন্তব্যটিকে অনেকেই সরকারি ব্যয়ে বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর নতুন দৃষ্টিভঙ্গি হিসাবে দেখছেন।

/এমআর/