১৭ অক্টোবরের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবরের ছুটি বাতিল
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে আগামী ১৭ অক্টোবরের (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে এদিন সরকারি অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। একই সঙ্গে ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

তবে ছুটির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবাগুলো। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা রয়েছেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসক, চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোকেও ছুটির আওতাবহির্ভূত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

/এফআর/