এবছর ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দূর্গাপূজা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এবছর ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দূর্গাপূজা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবছর প্রায় ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার প্রায় ১ হাজার ৫০০টি পূজামণ্ডপ বেড়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবছর দূর্গাপূজার সরকারি ছুটি এক দিন থেকে বাড়িয়ে তিন দিন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসী কার্যত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদানের পরিমাণ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন প্রধানমন্ত্রী। সরকারের এসব সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সনাতন ধর্মের নেতারা।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপটি দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবহার করা হবে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া পুলিশ সদর দপ্তরসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় যাচাই-বাছাই শেষে তাদের পরিচয়পত্র দেওয়া হবে। পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

/এসবি/