শিরোনাম

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিটিজেন ডেস্ক
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সিলেটে সফরকারীদের হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেওয়ার পর এক অভিনন্দন বার্তায় তিনি টাইগারদের এ শুভেচ্ছা জানান।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭৮ রানে পরাজিত করে হোয়াইটওয়াশের স্বাদ দেয় বাংলাদেশ। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা। এ জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জয়ের নতুন ইতিহাস রচনা করল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে দাপুটে সিরিজ জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকাতেও বড় লাফ দিয়েছে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পেছনে ফেলে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের অর্জিত পয়েন্ট ৫৮.৩৩ শতাংশ, অন্যদিকে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে নেমে গেছে ভারত।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এ অভাবনীয় সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। এ অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি অনুরাগী ও উৎসাহিত করবে। তিনি আরও উল্লেখ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতে বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য ছিনিয়ে আনবে। ঐতিহাসিক এই জয়েখেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।

/এমএকে/