শিরোনাম

বাংলাদেশিদের ফেরাতে ঢাকা-দুবাই রুটে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশিদের ফেরাতে ঢাকা-দুবাই রুটে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
ইউএস-বাংলা এয়ারলাইন্স ছবি:সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে এ বেসরকারি বিমান সংস্থা।

বুধবার (৪ মার্চ) প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে একই দিন স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা দিবে।

মোট ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-দুবাই রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪২।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণ করার সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার বা কাছের ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

/বিবি/