শিরোনাম

বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্যের ২২ ফ্লাইট বাতিল

সিটিজেন ডেস্ক
বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্যের ২২ ফ্লাইট বাতিল
ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান ২৮ ফেব্রুয়ারি তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ফ্লাইট চলাচলও বিঘ্নিত হয়। ফাইল ছবি: সিটিজেন জার্নাল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে এ পর্যন্ত মোট ৭৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে, যা আন্তর্জাতিক রুটে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।

কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখায় ঢাকার ফ্লাইট পরিচালনায় এই প্রভাব পড়ছে। এর ফলে প্রতিদিনই একাধিক ফ্লাইট বাতিল করতে হচ্ছে।

বেবিচক সূত্রে জানা গেছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিনই ঢাকার সঙ্গে এসব গন্তব্যের ফ্লাইট বাতিল করতে হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এই পরিস্থিতির সূচনা হয়। পরবর্তী দিনগুলোতে বাতিলের সংখ্যা কখনো বেড়েছে, কখনো কমেছে– ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়। মাসের মাঝামাঝি কিছুটা কমে এলেও পুরো সময়জুড়ে বাতিলের ধারা অব্যাহত থাকে। ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতগামী ৪টি, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার ৬টি, বাহরাইনের গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট রয়েছে।

/এসএ/