শিরোনাম

ব্যক্তিগত গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিগত গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের ব্যক্তিগত (গাড়ি) সাদা টয়োটা। ছবি: সিটিজেন জার্নাল

সরকারি গাড়ি ব্যবহার না করে ব্যক্তিগত গাড়িতেই চলাফেরা করবেন সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী, তিনি নিজের গাড়ি, নিজের চালক এবং নিজ খরচে কেনা জ্বালানি ব্যবহার করছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়ে রুমন বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই প্রধানমন্ত্রী ব্যক্তিগত সাদা টয়োটা গাড়িতে করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকালে গুলশানের বাসা থেকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শেরে বাংলা নগরে গিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখান থেকে একই গাড়িতে সচিবালয়ে এসে দাপ্তরিক কাজ করেন এবং বিকেল তিনটায় মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

রুমন জানান, যানজটের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত, এখন তা কমিয়ে চারটিতে নামানো হয়েছে। শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতেই তিনি পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি এলে প্রটোকল অনুযায়ী গাড়িতে পতাকা ব্যবহার করা হবে।

মন্ত্রিসভার বৈঠকও এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রুমন। তার ভাষ্য, সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াতে ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হয়– এ বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত।

এ ছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থানের প্রচলিত ব্যবস্থাও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তারেক রহমান বলে জানান তিনি।

/এসএ/