শিরোনাম

জরুরি ভিত্তিতে ২,৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
জরুরি ভিত্তিতে ২,৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সিটিজেন জার্নাল

পুলিশে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে নতুন করে কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সরকারের সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্সগুলো যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, যারা লাইসেন্স পেয়েছেন, তারা প্রকৃতপক্ষে যোগ্য কি না তা যাচাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকলে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রও বাতিলের আওতায় আসবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার জানা মতে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র বর্তমানে অবৈধ হিসেবে গণ্য হচ্ছে। এ বিষয়ে মামলা হতে পারে এবং যথাযথ প্রক্রিয়ায় অস্ত্রগুলো উদ্ধার করা হবে।

এ ছাড়া পাসপোর্ট করতে গিয়ে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাসপোর্ট সেবা সহজ করতে ভেন্ডর নিয়োগের বিষয়টি চিন্তা করছে সরকার। এতে নির্ধারিত ফি'র দিয়ে পাসপোর্টের সেবা নিতে পারবে জনগণ।

/এসএ/