শিরোনাম

বাংলাদেশকে ভীষণ মিস করি, শিগগিরই দেশে ফিরব: সাকিব

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশকে ভীষণ মিস করি, শিগগিরই দেশে ফিরব: সাকিব
সাকিব আল হাসান

বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করলেও দীর্ঘদিন ধরে দেশের মাটি ও ক্রিকেট থেকে দূরে রয়েছেন সাকিব আল হাসান। নানা জটিলতায় জাতীয় দল তো দূরের কথা, দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও অংশ নিতে পারছেন না এ তারকা অলরাউন্ডার। তবে সব অচলাবস্থা কাটিয়ে খুব শিগগিরই দেশে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বর্তমানে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন সাকিব। এই টুর্নামেন্ট শেষ হলেই তার পরের গন্তব্য নেপাল প্রিমিয়ার লিগ। প্রবাসে একের পর এক টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকলেও পরিবারসহ জন্মভূমিকে ভীষণ মিস করছেন তিনি। সম্প্রতি ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, তারা সবাই বাংলাদেশকে মিস করছেন এবং খুব দ্রুতই হয়তো দেশে ফেরা সম্ভব হবে।

এদিকে, সাকিবের দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ তামিম ইকবাল ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেকেই আশা করেছিলেন সাকিবের ফেরার পথ সহজ হবে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। তামিমের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সাকিব জানান, বিসিবি প্রধান হওয়ার পর কেবল ক্যাপ্টেন কার্ড সংক্রান্ত ইস্যুতে একবারই তাদের কথা হয়েছিল।

জাতীয় দলে অনবদ্য অবদান থাকা সত্ত্বেও দেশে ফিরতে না পারাটা অন্যায্য কি না—এমন প্রশ্নের জবাবে সাকিব অবশ্য বিষয়টি ক্রিকেটপ্রেমীদের ওপরই ছেড়ে দিয়েছেন। তার মতে, নিজের ভাবনার চেয়ে সাধারণ মানুষের অনুভূতিই এখানে বড় কথা। দেশবাসী যদি মনে করে তার সঙ্গে অন্যায় হয়েছে, তবে সেটাই হয়তো সত্যি।

/এমএকে/