শিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য নয়াদিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরও বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিকাল ৩টা ৪০ মি‌নিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত 1
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছার পর ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রেস ব্রিফিংয়ে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় পক্ষকে এমন পদক্ষেপ নিতে হবে, যাতে বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ উপকৃত হন।

তিনি আরও বলেন, পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমেই দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর সমাধান সম্ভব।

দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে উভয় দেশের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।

গত ১২ জুন বাংলাদেশে আসেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ২৫ জুন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন হাইক‌মিশনার ঢাকায় আসার ২৩ দিনের মাথায় বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়া শুরু করে ভারত, যা প্রায় দুই বছর বন্ধ ছিল।

/এফসি/