শিরোনাম

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পরেই রুশ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পরেই রুশ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
ভ্লাদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা পরেই রাশিয়ার অন্যতম বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার (২৯ জুলাই) কিয়েভের পক্ষ থেকে জানানো হয়, রাতের আঁধারে পরিচালিত এ ড্রোন হামলার মাধ্যমে মস্কোর ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ আরও এক ধাপ বাড়িয়ে দেওয়া হয়েছে।

ইউক্রেনীয় সামরিক সদর দপ্তর সূত্রে জানা গেছে, হামলাটি চালানো হয়েছে সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার গভীরে অবস্থিত রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে। বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোন আঘাত হানার পর পুরো শোধনাগার এলাকায় ভয়াবহ আগুন ধরে যায়।

সামরিক ও কূটনৈতিক সমর্থন আদায়ে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কিয়েভ এ পদক্ষেপ নিল। মূলত রাশিয়ার জ্বালানি খাতকে দুর্বল করে তাদের যুদ্ধের রসদ যোগান ব্যাহত করাই এখন ইউক্রেনের প্রধান কৌশল। আর এ কাজের জন্য তারা নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের দিকেই বেশি জোর দিচ্ছে। হামলার পর এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, যুদ্ধের প্রতিটি দিন রাশিয়ার জন্য যতটা সম্ভব ব্যয়বহুল করে তোলা প্রয়োজন, যেন আগ্রাসী শক্তি দুর্বল হয়ে পড়ে এবং যুদ্ধ দ্রুত শেষ হয়।

অন্যদিকে, রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, ড্রোন প্রতিহত করার চেষ্টাকালে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগেছে এবং অন্তত ছয়জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে সরাসরি শোধনাগারের কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে ব্যাপারে স্থানীয় প্রশাসন নির্দিষ্ট করে কিছু জানায়নি।

সূত্র: এপি

/এমএকে/