এক্সপ্লেইনার

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডরের ভবিষ্যৎ কী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডরের ভবিষ্যৎ কী
করিডরের স্যাটেলাইট চিত্র

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কুনমিং থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকফিউ বন্দর, সেখান থেকে সমুদ্রপথে বাংলাদেশ। এসব পথ নিয়ে তিন দেশকে যুক্ত করে নতুন একটি অর্থনৈতিক করিডর গড়ে তোলার পরিকল্পনা করছে বেইজিং। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের সামনে। তবে এই উদ্যোগের পেছনে অর্থনৈতিক হিসাবের পাশাপাশি রয়েছে ভূরাজনৈতিক স্বার্থও। বিশেষ করে ভারতকে বাইরে রেখে চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর এই প্রস্তাব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কেমন হবে চীনের প্রস্তাবিত করিডর

গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডর গড়ে তোলার প্রস্তাব দেন। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতেও বিষয়টি উঠে আসে।

চীনের প্রস্তাবিত বাংলাদেশ–চীন–মিয়ানমার অর্থনৈতিক করিডরের মূল পরিকল্পনা হলো, ইউনান প্রদেশের রাজধানী কুনমিংকে মিয়ানমারের কিয়াউকফিউ বন্দরের সঙ্গে যুক্ত করা। কুনমিং থেকে মিয়ানমারের রুইলি, মুসে ও মান্দালয় হয়ে রাখাইন রাজ্যে পৌঁছাবে স্থলপথের যোগাযোগব্যবস্থা। এরপর কিয়াউকফিউ বন্দর থেকে সমুদ্রপথে বাংলাদেশে পণ্য পরিবহন করা হবে।

এ ব্যবস্থায় ফিডার ভেসেল বা ছোট পণ্যবাহী জাহাজ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা কিংবা ভবিষ্যতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের যে কোনোটি এর অংশ হতে পারে। তবে কোন বন্দরকে বেছে নেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। আর সেটি হচ্ছে কুনমিং থেকে কিয়াউকফিউ পর্যন্ত স্থলপথ নির্মাণ করা এবং কিয়াউকফিউ থেকে বাংলাদেশে সমুদ্রপথে পণ্য পরিবহন। প্রথমটির জন্য মিয়ানমারের ভেতরে সড়ক ও রেল যোগাযোগ উন্নত করতে হবে। দ্বিতীয়টির জন্য প্রয়োজন নিয়মিত জাহাজ চলাচল, বন্দরের সক্ষমতা এবং দুই দেশের মধ্যে কার্যকর বাণিজ্যিক চুক্তি। অর্থাৎ শুধু অবকাঠামো নির্মাণ করলেই করিডরটি চালু করা সম্ভব হবে না। পুরো পরিবহনব্যবস্থাকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলতে হবে।

বিসিআইএম পরিকল্পনা
বিসিআইএম পরিকল্পনা

বিসিআইএমের পুরোনো পরিকল্পনার নতুন রূপ

বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে নতুন এ উদ্যোগের পেছনে রয়েছে আরও পুরোনো একটি আঞ্চলিক যোগাযোগ পরিকল্পনার যোগসূত্র। সেটি হলো বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত বিসিআইএম অর্থনৈতিক করিডর।

২০১৩ সালে চার দেশের মধ্যে এই উদ্যোগ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। পরিকল্পনা ছিল, চীনের কুনমিং থেকে মিয়ানমার ও বাংলাদেশ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত একটি আঞ্চলিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা। এতে সড়ক, রেল ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ার পাশাপাশি চার দেশের মধ্যে পণ্য পরিবহন সহজ হওয়ার কথা ছিল। একই বছর কুনমিংয়ে চার দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। পরের বছর বাংলাদেশেও এ নিয়ে আলোচনা এগিয়ে যায়। কিন্তু চীন ও ভারতের সীমান্ত বিরোধ, দুই দেশের সম্পর্কে টানাপোড়েন এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে ভারতের আপত্তির কারণে উদ্যোগটি আর বাস্তব রূপ পায়নি।

তবে বিসিআইএম পরিকল্পনা পুরোপুরি হারিয়ে যায়নি। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর চীন সফরের যৌথ বিবৃতিতে এই উদ্যোগের গুরুত্ব স্বীকার করা হয়। যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর কথাও বলা হয়েছিল। এরপর ২০২৫ সালের মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরেও আঞ্চলিক যোগাযোগ ও বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে আলোচনা হয়। তবে এবারের প্রস্তাবের সবচেয়ে লক্ষণীয় দিক হলো, এখানে ভারতকে ছাড়াই বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে আলাদা একটি অর্থনৈতিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার চেষ্টা হচ্ছে।

চীনের কাছে কিয়াউকফিউ কেন গুরুত্বপূর্ণ

মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকফিউ বন্দর চীনের কাছে কেবল একটি সমুদ্রবন্দর নয়। বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরির ক্ষেত্রে জায়গাটি বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে চীনের অর্থায়নে গভীর সমুদ্রবন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি কিয়াউকফিউ থেকে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত তেল ও গ্যাস পরিবহনের পাইপলাইন রয়েছে।

এ পাইপলাইনের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে জ্বালানি সরাসরি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নেওয়া হচ্ছে। ফলে চীনের জ্বালানি পরিবহনে মালাক্কা প্রণালির ওপর নির্ভরতা কিছুটা কমানোর সুযোগ তৈরি হয়েছে। এবার সেই যোগাযোগব্যবস্থার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা সামনে এনেছে বেইজিং। এর ফলে বাংলাদেশ যেমন চীনের সঙ্গে বিকল্প বাণিজ্যপথ পেতে পারে, তেমনি বঙ্গোপসাগরে চীনের অর্থনৈতিক উপস্থিতিও আরও বাড়তে পারে।

তবে শুধু একটি বন্দর চালু থাকলেই করিডর কার্যকর হয়ে যাবে না। কিয়াউকফিউ থেকে বাংলাদেশের বন্দর পর্যন্ত নিয়মিত জাহাজ চলাচল, পরিবহন ব্যয়, পণ্য ওঠানামার খরচ এবং বাণিজ্যের পরিমাণ- সবকিছু বিবেচনায় নিতে হবে।

রাখাইনে সংঘাত লেগেই আছে
রাখাইনে সংঘাত লেগেই আছে

বড় বাধা রাখাইনের সংঘাত

চীনের পরিকল্পনার সামনে সবচেয়ে বড় অনিশ্চয়তা মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি। বিশেষ করে রাখাইন রাজ্যে চলমান সংঘাত এ করিডরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সংঘাত ছড়িয়ে পড়ে। এর মধ্যে আরাকান আর্মি রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে কিয়াউকফিউ পর্যন্ত স্থলপথে যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং সেখান থেকে বাংলাদেশে পণ্য পরিবহনের বিষয়টি সহজ হবে না।

কিয়াউকফিউয়ের গুরুত্বপূর্ণ বন্দর ও চীনা প্রকল্পগুলো অবশ্য এখন পর্যন্ত সরাসরি বড় ধরনের বাধার মুখে পড়েনি। চীনের বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে আরাকান আর্মিও এ প্রকল্পের ক্ষেত্রে সতর্ক অবস্থানে আছে। কিন্তু এতে পুরো অঞ্চল নিরাপদ এমনটা ভাবার সুযোগ নেই।

চীনের জন্য পরিস্থিতি আরও জটিল। একদিকে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হচ্ছে, অন্যদিকে রাখাইনের বর্তমান নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গেও সমঝোতার পরিবেশ ধরে রাখা জরুরি।

এ বিষয়ে ইউনানের প্রাদেশিক পররাষ্ট্র দপ্তরের উপমহাপরিচালক ওয়েন শিসাং বলেন, প্রস্তাবিত বাংলাদেশ-চীন-মিয়ানমার (বিসিএম) অর্থনৈতিক করিডর তিন দেশের একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে বেইজিং। এ অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে সব পক্ষই উপকৃত হবে।

রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি ও অন্যান্য প্রতিবন্ধকতা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরের অনেক সম্ভাবনা আছে। আবার কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। বিশেষ করে রাখাইনের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি। এ প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা অপরিহার্য।

ভারত ও চীনের মধ্য প্রতিযোগিতার বিষয়টি এখানে বড় ভূমিকা পালন করবে
ভারত ও চীনের মধ্য প্রতিযোগিতার বিষয়টি এখানে বড় ভূমিকা পালন করবে

চীন-ভারত প্রতিযোগিতা

চীনের এ প্রস্তাবকে শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে যুক্ত রয়েছে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরকেন্দ্রিক ভূরাজনৈতিক হিসাব। বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত যোগাযোগ বাড়ানোর বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ৩ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, প্রতিবেশী দেশগুলোর উন্নয়ন পরিকল্পনা ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এর কারণও রয়েছে। চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা রয়েছে। বাংলাদেশকে যুক্ত করে বঙ্গোপসাগরে চীনের নতুন যোগাযোগব্যবস্থা তৈরি হলে তা ভারতের কৌশলগত হিসাবেও প্রভাব ফেলতে পারে।

অবশ্য চীন জানিয়েছে, ভারতের এ করিডরে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ভারত বাস্তবে কতটা আগ্রহ দেখাবে, সেটি এখনো পরিষ্কার নয়। এদিকে বঙ্গোপসাগরে জাপানেরও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ রয়েছে। বাংলাদেশের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইনিশিয়েটিভ (বিগ-বি) উদ্যোগে দেশটির বিনিয়োগ রয়েছে। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বাড়লে জাপান অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তবে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি বাড়ার বিষয়টিও দেশটির কৌশলগত বিবেচনায় থাকবে।

অন্যদিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দীর্ঘদিনের। ফলে এ করিডর বাস্তবায়িত হলে তা শুধু তিন দেশের বাণিজ্যিক সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থের সঙ্গেও জড়িয়ে পড়বে।

বিগ-বি প্রজেক্ট
বিগ-বি প্রজেক্ট

বাংলাদেশের সামনে সুযোগ, করতে হবে হিসাবও

চীনের প্রস্তাব নিয়ে বাংলাদেশ এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে। গত জুনে শি জিন পিংয়ের প্রস্তাবের পর দুই দেশের কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

জুলাইয়ে ঢাকায় চীনের তৎকালীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্যোগটিকে প্রাথমিক পর্যায়ের বলে উল্লেখ করেছিলেন। পরবর্তী সময়ে চীনা প্রতিনিধিদলের ঢাকা সফরসহ বিভিন্ন বৈঠকেও করিডরটি আলোচনায় আসে। সবশেষ ৪ নভেম্বর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের ঢাকা সফরেও বিষয়টি গুরুত্ব পায়। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত রুট, নির্মাণচুক্তি কিংবা বাস্তবায়নের সময়সূচি ঘোষণা করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের উচিত প্রথমে প্রস্তাবটির পূর্ণাঙ্গ অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাব্যতা যাচাই করা। কিয়াউকফিউ থেকে বাংলাদেশের কোন বন্দরে পণ্য আনা-নেওয়া সবচেয়ে লাভজনক হবে, পরিবহন খরচ কত পড়বে, জাহাজের ভাড়া ও বন্দরের চার্জ কেমন হবে- এসব বিষয়ে পরিষ্কার হিসাব প্রয়োজন।

এখানে বাংলাদেশের স্বার্থের বিষয়টিও গুরুত্বপূর্ণ। করিডরটি যেন শুধু চীনের পণ্য পরিবহনের সুবিধা তৈরি না করে, বরং বাংলাদেশের রপ্তানি পণ্যও যেন সমানভাবে এ পথ ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। রাখাইনের সংঘাত ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন বাংলাদেশের জন্য দীর্ঘদিনের সমস্যা। নতুন এ উদ্যোগের মাধ্যমে রাখাইনের বিভিন্ন পক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর কোনো সুযোগ তৈরি হয় কি না, সেটিও ঢাকার বিবেচনায় থাকতে পারে।

বাংলাদেশের পতাকা
বাংলাদেশের পতাকা

শেষ পর্যন্ত কি লাভবান হবে বাংলাদেশ

চীনের প্রস্তাব বাংলাদেশের সামনে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর একটি নতুন সুযোগ তৈরি করেছে। কুনমিং থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হলে পণ্য পরিবহনের বিকল্প পথ তৈরি হতে পারে। এতে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, রপ্তানি এবং আঞ্চলিক যোগাযোগে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে।

কিন্তু সম্ভাবনা থাকলেই কোনো প্রকল্প লাভজনক হয়ে যায় না। মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা, রাখাইনের নিরাপত্তা, চীন-ভারত প্রতিযোগিতা এবং প্রকৃত পরিবহন ব্যয়ের মতো বিষয়গুলো এ উদ্যোগের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

বাংলাদেশের জন্য তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে নিজের স্বার্থকে সামনে রেখে প্রতিটি দিক যাচাই করা বেশি জরুরি। চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভারত, জাপান ও অন্যান্য অংশীদারের সঙ্গেও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান ধরে রাখতে হবে।

সবশেষে প্রশ্নটি কুনমিং থেকে কিয়াউকফিউ হয়ে বাংলাদেশে পণ্য আসবে কি না এটা নয় বরং বড় প্রশ্ন হলো, এ যোগাযোগব্যবস্থা চালু হলে বাংলাদেশ কতটা অর্থনৈতিক সুবিধা পাবে এবং আঞ্চলিক রাজনীতিতে নিজের অবস্থান কতটা শক্ত করতে পারবে। কারণ কোনো করিডরের সাফল্য শুধু কত কিলোমিটার সড়ক বা সমুদ্রপথ তৈরি হলো, তার ওপর নির্ভর করে না। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেই পথ ব্যবহার করে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কার অর্থনীতি কতটা লাভবান হচ্ছে।

/এমএকে/