শিরোনাম

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের কোনো আলোচনা হয়নি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের কোনো আলোচনা হয়নি: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শন বিষয় বাতিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাজারে যেসব বিষয়ে চাহিদা আছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে সেসব নিয়ে পর্যালোচনা চলছে। কিন্তু বাংলা, ইতিহাস, দর্শন এসব বিষয় বাদ দেওয়া ইস্যুতে কোনো আলোচনাই হয়নি।

তিনি আরও বলেন, কোন বিষয় বাতিলের কোন আলোচনা হয়নি। বরং শিক্ষা ব্যবস্থাকে কীভাবে আরও উন্নত করা যায়, সেসব বিষয়ে আমরা আলোচনা করছি। বাজারে যেসব বিষয়ে চাহিদা আছে, সেসব বিষয় কীভাবে পাঠ্যক্রমে যুক্ত হবে, কীভাবে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানকে যুক্ত করা যায়– তা নিয়ে আলোচনা করা হচ্ছে।

এর আগে, এদিন সকালে একই কথা জানান শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু। তিনি বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।

গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন নূরুল আফসার দীপু।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার এবং শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। তবে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলোতে অনার্স শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার।

/এফআর/