শিরোনাম

স্বাস্থ্য ক্যাডারে প্রবেশে বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব

বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্য ক্যাডারে প্রবেশে বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩৪ করার কথা ভাবছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে চিকিৎসকদের বয়সসীমা বাড়িয়ে ক্যাডার কর্মকর্তা হওয়ার পক্ষে নয় হেলথ কনজুমারস রাইটস ফোরাম।চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ করার জন্য একটি গ্রুপ আন্দোলন করছে। এই আন্দোলনের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে প্রবেশে বয়সসীমা বাড়ানোর বিষয়ে গতকাল সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ওই বৈঠকে স্বাস্থ্য সচিব ও দুই মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে চিকিৎসকদের সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করা হবে বলে আলোচনা হয়। ওই আলোচনার বিষয়ে আজ ৯ জুন স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়।

জানতে চাইলে স্বাস্থ্যসচিব সিজেডএন২৪ ডটকমকে বলেন, স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৪ করার বিষয়ে একটি প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন করা হলে নতুন নিয়ম অনুযায়ী চিকিৎসকেরা চাকরির সুযোগ পাবেন।

তবে সরকারের এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে হেলথ কনজুমারস রাইটস ফোরম। সংগঠনের সদস্য সচিব ইবনুল সাঈদ রানা বলেন, একজন মেডিক্যাল শিক্ষার্থী ২৪-২৫ বছরে এমবিবিএস শেষ করে ইন্টার্ন চিকিৎসক হচ্ছেন। ইন্টার্ন করার সময়ই তারা ব্যবস্থাপত্র লিখছেন। সরকারিতে চাকরিতে প্রবেশ সীমা চিকিৎসকের ক্ষেত্রে বাড়ানো ঠিক হবে না।

রানা আরও বলেন, দেশে বর্তমানে চিকিৎসকের সংকট রয়েছে। এই অবস্থায় বয়স বাড়ানো ঠিক হবে না। সরকারকে জনস্বাস্থ্যের ওপর গুরুত্ব দিতে হবে। চিকিৎসকদের মানুষের দৌড়গোড়ায় কীভাবে পাঠানো যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। সবাইকে ঢাকায় ঢুকানোর চেষ্টা চলছে। অথচ গ্রাম-গঞ্জে চিকিৎসক নেই। এজন্য সঠিক নীতিমালা করতে হবে। এটি কার্যকর হলে কোনো ছেলে–মেয়ে ঢাকার বাইরে যেতে চাইবে না। চিকিৎসায় দক্ষতা দেখিয়ে বিসিএস পাশ কেউ করে না। এই ক্ষেত্রে বিশেষ বিসিএসের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়ার দাবি করেন তিনি।

/এমআর/