সৌদি আরবকে রক্ষায় যেকোনো উপায়ে পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদি আরবকে রক্ষায় যেকোনো উপায়ে পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চলমান হামলার মুখে সৌদি আরবকে ‘যেকোনো উপায়ে’ সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত পাকিস্তান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইতালির রোম সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন খাজা আসিফ। সেখানে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তির মূল ভিত্তি হলো পারস্পরিক নিরাপত্তা। এ চুক্তির সুবাদে সৌদি আরব তাদের প্রয়োজনে পাকিস্তানি সামরিক সক্ষমতা ব্যবহার করার সুযোগ পাবে।

খাজা আসিফ বলেন, ‘আমি বিস্তারিত কিছু বলতে যাচ্ছি না। তবে এটা স্পষ্ট যখন আমি বলছি যে সৌদি আরবকে রক্ষা করতে আমরা এ চুক্তির আওতায় বাধ্য, তার অর্থ হলো আমাদের হাতে থাকা যেকোনও উপায় সৌদি আরবের জন্যও ব্যবহারের সুযোগ থাকবে। আমি মনে করি, এটি একটি সুস্পষ্ট বক্তব্য।’

তার এ বক্তব্যে পাকিস্তানি বাহিনীর সরাসরি কোনো সামরিক অভিযানে নামার বিষয়টি শতভাগ নিশ্চিত হয়নি। তবুও মধ্যপ্রাচ্যের জটিল আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তানের অবস্থান নিয়ে এটি এখন পর্যন্ত অন্যতম স্পষ্ট বার্তা। তবে হুথিদের লক্ষ্য করে চালানো কোনো বিমান হামলায় পাকিস্তানি সেনারা অংশ নিয়েছে কি না- এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি।

এছাড়া, সাম্প্রতিক সময়ে হুথিদের অব্যাহত হামলার মুখে রিয়াদ ইসলামাবাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক সহায়তা চেয়েছিল কি না, সে বিষয়েও কোনো মন্তব্য করেননি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: পলিটিকো

/এমএকে/