শিরোনাম

পাকিস্তানে পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলা, ১১ কর্মকর্তাসহ নিহত ২৬

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পাকিস্তানে পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলা,  ১১ কর্মকর্তাসহ নিহত ২৬
পাকিস্তানে পুলিশ ফাঁড়িতে হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আল জাজিরা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় আফগানিস্তান সীমান্তের কাছে একটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলায় অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাতে চালানো এই অতর্কিত হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানায়, হামলাকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে প্রথমে বিস্ফোরকবোঝাই একটি কোয়াডকপ্টার ড্রোন দিয়ে ফাঁড়িটিতে বিস্ফোরণ ঘটায়। এর পরপরই চারদিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে চড়াও হয় তারা। হামলার খবর পাওয়া মাত্রই উপপুলিশ সুপার দিয়ারা খানের নেতৃত্বে অতিরিক্ত একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে পৌঁছানো মাত্রই হামলাকারীদের তোপের মুখে পড়েন তারা এবং ঘটনাস্থলেই মারা যান উপপুলিশ সুপারসহ অন্য কর্মকর্তারা।

পরবর্তীতে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েক ঘণ্টাব্যাপী তুমুল বন্দুকযুদ্ধ চলে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে অন্তত ১৫ জন হামলাকারী নিহত হয়েছে। তবে সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং অপর একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর কিছুদিন আগেই সীমান্তবর্তী ট্যাংক জেলায় পাকিস্তানি সেনাদের ওপর হওয়া একটি আত্মঘাতী বোমাহামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান তালেবান (টিটিপি)। সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তান সংলগ্ন পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। মূলত চলতি বছরের শুরুর দিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত সংঘর্ষে প্রাণহানির ঘটনার পর থেকেই সীমান্তজুড়ে সহিংসতা নতুন রুপ নিয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/