শিরোনাম

ঢাকার প্রধান সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকার প্রধান সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না: মীর শাহে আলম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকার প্রধান সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রবিবার (৩০ আগস্ট) মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজধানীর প্রধান সড়কে যাতে ব্যাটারিচালিত রিকশার চলাচল করতে না পারে, সেজন্য ইতোমধ্যে আইন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নীতিমালা চূড়ান্ত হবে। এখন নিবন্ধন ফি ও বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এতে রিকশা নিয়ন্ত্রণে চলে আসবে।

তিনি আরও বলেন, ঢাকার ই-রিকশা নিয়ন্ত্রণে আটটি জোন করা হচ্ছে। এক জোনের রিকশা অন্য জোনে চলবে না। পাশাপাশি বুয়েট বা সরকারি পলিটেকনিকের নকশা ও ট্রাফিক ফিটনেস ছাড়া কোনো ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে না। দুই ও চার সিটের ই-রিকশা নিবন্ধন পাবে। তবে ছয় সিটের ই-রিকশা ঢাকায় চলতে পারবে না এবং এগুলো নিবন্ধনের আওতায়ও আনা হবে না। এসব ই-রিকশা রাজধানীর বাইরে বিভিন্ন শহরাঞ্চলে নিবন্ধনের সুযোগ পাবে। আর চার্জ দেওয়ার পয়েন্টগুলোর লাইসেন্স দেবে সিটি কর্পোরেশন বা পৌরসভা।

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া। পাশাপাশি বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া।

বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার পাশাপাশি সড়ক নির্মাণে মালয়েশিয়ার প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, সড়ক টেকসই মালয়েশিয়ার রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহারের প্রযুক্তি বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।

/এফআর/