শিরোনাম

মার্কিন চুক্তিতে এনসিপির নীরব অবস্থান নিয়ে ছাত্র ইউনিয়ন নেতার প্রশ্ন

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
মার্কিন চুক্তিতে এনসিপির নীরব অবস্থান নিয়ে ছাত্র ইউনিয়ন নেতার প্রশ্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি জাহিদুল ইসলাম ইমন

জুলাই গণঅভ্যুত্থানের পর সম্পাদিত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এর আহ্বায়ক নাহিদ ইসলামের নীরবতা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি জাহিদুল ইসলাম ইমন। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নাহিদ ইসলামের উপস্থিতিতেই তিনি এ বিষয়ে সরাসরি প্রশ্ন তোলেন।

সোমবার (২৭ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

আলোচনা পর্বে বক্তব্য দিতে গিয়ে জাহিদুল ইসলাম ইমন মার্কিন বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তুলে এনসিপির ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় ‘দিল্লি না ঢাকা’ স্লোগানে যারা একসঙ্গে অবস্থান নিয়েছিলেন, তাদের অনেকেই অভ্যুত্থান-পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সেই সময় দেশের স্বার্থবিরোধী বলে সমালোচিত মার্কিন বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন হলেও আন্দোলনের নেতৃত্ব থেকে কোনো দৃশ্যমান আপত্তি বা বিরোধিতা দেখা যায়নি।

নাহিদ ইসলামের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, অভ্যুত্থানের নেতারা তখন সরকারের গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। কিন্তু ওই চুক্তির বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ আমরা শুনিনি। এখন আপনারা বিরোধী দলে থাকলেও এ বিষয়ে সুস্পষ্ট কোনো অবস্থান সামনে আসছে না। জনগণ জানতে চায়, এই চুক্তি নিয়ে এনসিপির অবস্থান কী এবং কেন আপনারা ন্যূনতম প্রতিবাদও করছেন না?”

তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর সংঘটিত ঘটনাগুলোর মধ্যে মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়টি তার কাছে সবচেয়ে বড় হতাশার একটি। এ কারণে জনগণের সামনে এনসিপির পরিষ্কার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। আলোচনা সভা শেষে একটি লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।

/এমআর/