শিরোনাম

‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নজরুল চর্চা বাড়াতে হবে’

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নজরুল চর্চা বাড়াতে হবে’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে বক্তব্য দেন কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে একক বক্তা হিসেবে বক্তব্য দেন কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা হলেও তার জীবন ও কর্ম সম্পর্কে নানা ভুল তথ্য প্রচলিত রয়েছে। তিনি বলেন, নজরুল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। ঔপনিবেশিক শোষণ, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তার প্রতিটি সৃষ্টি ছিল প্রতিবাদের ভাষা। নজরুল চর্চা আরও বিস্তৃত করতে পারলে অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, শুধু নজরুলের নাম জানলেই হবে না, তার সৃষ্টিকর্মের গভীরে প্রবেশ করে চেতনা ধারণ করতে হবে। তিনি বলেন, নজরুলের আদর্শ ও দর্শন ধারণ করতে পারলে সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।

পরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের ৩৮টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। গবেষণা প্রকল্প মূল্যায়ন করেন নজরুল গবেষক অধ্যাপক ড. রশিদুন নবী এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

/এমআর/