শিরোনাম

আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চাই: নওয়াজ শরিফ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চাই: নওয়াজ শরিফ
নির্বাচনি সমাবেশে ভাষণ দিচ্ছেন নওয়াজ শরিফ। ছবি: জিও নিউজ

পাকিস্তানের রাজনৈতিক দল পিএমএল-এন এর প্রধান নওয়াজ শরিফ বলেছেন, আসন্ন নির্বাচনে তার দল বিজয়ী হলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অনুরোধ জানাবেন তাকে যেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব দেওয়া হয়। মুজাফফারাবাদে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে ভাষণে তিনি এ কথা বলেন। এ অঞ্চলের বাজেট ১০ গুণ বাড়ানোর পাশাপাশি উন্নয়নমূলক কাজের মাধ্যমে একে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হতে যাওয়া পর্যায়ক্রমিক নির্বাচনকে সামনে রেখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে সঙ্গে নিয়ে এ বিশাল প্রচারণার সূচনা করেন নওয়াজ শরিফ। দীর্ঘদিন পর স্থানীয় কর্মী-সমর্থকদের মুখোমুখি হয়ে আবেগঘন বক্তব্য দেন নওয়াজ। তিনি বলেন, আজাদ কাশ্মীর তার কাছে পাঞ্জাবের মতোই প্রিয় এবং এটি তার দ্বিতীয় বাড়ি। এ সময় কোহালা ও মুজাফফারাবাদের মধ্যে কেন মোটরওয়ে তৈরি করা হয়নি- সে প্রশ্ন তুলে তিনি জানান, পিএমএল-এন সরকার গঠন করলে তিনি প্রতি তিন মাস পর পর ব্যক্তিগতভাবে উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করতে এখানে আসবেন।

উন্নয়নমূলক কাজে পিএমএল-এন কখনো বিভিন্ন প্রদেশ বা অঞ্চলের মধ্যে বৈষম্য করেনি বলেও উল্লেখ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী জানান, তিনি ক্ষমতায় থাকার সময় আজাদ কাশ্মীরের বাজেট দ্বিগুণ করা হয়েছিল এবং এবার তা ১০ গুণ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে মুজাফফারাবাদে ১০টি আধুনিক ও পরিবেশবান্ধব এসি বাস এবং এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় ১৫টি ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর ঘোষণাও দেন তিনি।

একই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিজেকে রক্তে ও আত্মায় কাশ্মীরি উল্লেখ করে বলেন, তিনি এখানে অতিথি হিসেবে আসেননি। রাজনৈতিক প্রতিপক্ষ পিপিপির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, নিজেদের সরকার থাকা সত্ত্বেও তারা কার বিরুদ্ধে অভিযোগ করছে। মরিয়ম প্রতিশ্রুতি দেন, পিএমএল-এন নির্বাচিত হলে পাঞ্জাবের মতোই আজাদ কাশ্মীরে আবাসন প্রকল্প ‘আপনি ছাত আপনা ঘর’ এবং পরিচ্ছন্নতা অভিযান সম্প্রসারিত করা হবে। এ ছাড়া তরুণদের জন্য ল্যাপটপ এবং ২ হাজার শিক্ষাবৃত্তির ঘোষণাও দেন তিনি।

সূত্র: জিও নিউজ

/এমএকে/