অস্ট্রেলিয়ার জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অস্ট্রেলিয়ার জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ
অস্ট্রেলিয়ার একটি বাড়ির ছাদে স্থাপন করা সৌরবিদ্যুতের প্যানেল

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে নতুন এক রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধান বিদ্যুৎ গ্রিডের মোট চাহিদার ৮০ শতাংশেরও বেশি পূরণ করেছে সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে গোটা বিশ্ব যখন জ্বালানির সংকটে ভুগছে ঠিক তখন এই ভিন্নধর্মী খবরটি এলো।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় সরবরাহ করা বিদ্যুতের অর্ধেকের বেশি এসেছে ছাদের ওপর বসানো সোলার প্যানেল থেকে। সঙ্গে ছিল বাতাস থেকে উৎপাদিত বিদ্যুৎও। এতে জলবিদ্যুতের পরিমাণ এক শতাংশ এবং কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ ছিল ২০ শতাংশ।

টানা ৩০ মিনিট এভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বাওয়েন বলেন, এই মাইলফলকের অর্থ হলো আগের যেকোনো সময়ের তুলনায় এখন অস্ট্রেলিয়ার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আরও বেশি পরিচ্ছন্ন, সস্তা ও নিজস্ব জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এখনো অনেক পথ বাকি। তবে লেবার পার্টির সরকার জ্বালানি ব্যবস্থার রূপান্তর এবং জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে। ভবিষ্যতে এমন আরও অনেক মাইলফলক আসবে বলে আশা করা যায়।

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জ্বালানি ব্যবস্থাবিষয়ক গবেষক ড. ডিলান ম্যাককনেল জানান, এখন টেকসই জ্বালানির নতুন নতুন রেকর্ড গড়ার মৌসুম চলছে। পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল দিন বিদ্যুৎ উৎপাদনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। আবহাওয়া ভালো থাকায় ঘর গরম বা ঠান্ডা রাখার তেমন চাহিদা ছিল না।

অস্ট্রেলিয়ায় এখন ৪৩ লাখের বেশি পরিবারের বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হয়েছে।

২০৩০ সালের মধ্যে মোট উৎপাদনের ৮২ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতে পূরণের লক্ষ্য হাতে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, এই খাতে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ হচ্ছে না। এই ধারা চলতে থাকলে ওই লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা নেই।

/এফসি/